নিজস্ব প্রতিবেদক : সিলেটের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দীপ আজ ভোরে মালেশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে, স্তব্ধ হয়ে গেছেন তার পরিচিতজন ও অনুরাগী মহল। 

জানা গেছে, মাত্র এক মাস আগে, গত ১৩ অক্টোবর দীপংকর দীপ উচ্চশিক্ষা ও পড়ালেখার উদ্দেশ্যে মালেশিয়ায় পাড়ি জমান। দেশের বাইরে নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই তার এই মর্মান্তিক মৃত্যুতে কেউই যেন বিশ্বাস করতে পারছেন না। 

সিলেটজুড়ে পরিচিত মুখ দীপংকর দীপ তার কন্টেন্টের মাধ্যমে অনেক মানুষের কাছেই প্রিয় হয়ে উঠেছিলেন। তার বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতজনেরা শোকবার্তা দিয়ে তাদের প্রিয় মানুষটিকে হারানোর বেদনা প্রকাশ করছেন।