নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন, তারা আসলেই কি ইসলামের আদর্শ মেনে চলছেন? সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছেন। তারা একদিকে নিজেদের ইসলামি দলের সদস্য দাবি করেন, আবার আওয়ামী লীগের ছায়াতলে থেকে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।

বুধবার (২৬ নভেম্বর) বাদ এশা আবুল হোসেন তালুকদারের বাড়িতে ৭নং দেওকলস ইউনিয়ন, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস পত্নী লুনা আরও বলেন, ইসলাম আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। ইসলামে কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরি। ইসলাম শান্তির ধর্ম, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। আজ যারা ইসলামের নাম করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার ও দুঃশাসনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি। গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যাতে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যদি মনে করেন, ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল, তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ধানের শীষে ভোট দিন। আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে।

দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী।

সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, ফারুক মিয়া।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।