বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে’ উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ আয়শা ম্যানশনের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই পুনর্মিলনী সম্পন্ন হয়।

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সদস্যদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা। অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

কুশল বিনিময় শেষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক ‘পাক্ষিক বিশ্বনাথ বার্তা’ পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এ. সাজু-কে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২২ এপ্রিল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তার সাবেক সম্পাদক মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন। তিনি আগামী ২২ এপ্রিলের দোয়া মাহফিলে সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ​সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, ​যুগ্ম সম্পাদক মোঃ আলতাব হোসেন, ​সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, ​দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, ​অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, ​সদস্য মোঃ ছালেক উদ্দিন ও এস.এ. সাজু।