নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।

রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুক আহমদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পৃথক কয়েকটি পকেট থেকে মোট ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ফারুক আহমদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।