বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল মুমিন (৩২) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহার মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জানাইয়া এলাকায় অভিযানে যায় বিশ্বনাথ থানা-পুলিশের একটি দল। অভিযানে আব্দুল মুমিনের বসতঘর থেকে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে মুমিন ও বাহারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া আব্দুল মুমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে (মামলা নং- জি.আর-৪০, তাং ০৩.০৪.২৬)।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।