নিজস্ব প্রতিবেদক : মহান আল্লাহ পাকের প্রতিশ্রুতি অনুযায়ী, যারা মজবুত ঈমান ও আমলের অধিকারী হবেন, জমিনের কর্তৃত্ব শেষ পর্যন্ত তাদের হাতেই ন্যস্ত হবে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমান ও আমলের শর্ত পূরণের মাধ্যমে ময়দানে কাজ করে যেতে হবে। আর তা নিশ্চিত করতে পারলেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের।

​বুধবার (২৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এসব কথা বলেন।

​মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলনের মূল ভিত্তি হলো সততা, যোগ্যতা এবং আল্লাহর ভয়। যেকোনো প্রকার সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে হলে এই তিনটি গুণের চর্চা অপরিহার্য।

​দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ গোটা দেশবাসীর প্রত্যাশা হলো ‘জুলাই সনদ’ পরখ করা এবং শপথ নিয়ে তা বাস্তবায়ন করা। জুলাই সনদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না এবং এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

​বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মতিউর রহমান ও পৌর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ এবং অফিস সেক্রেটারি আব্দুল কাইয়ুম।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।

​এসময় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, মাহফুজুর রহমান বাবুল, তালেব আহমদ গোলাপ, আব্দুর রহিম, আবু সাইদ, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন আমীর আব্দুল আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মালিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি সাঈদ আনোয়ার এবং ছাত্রনেতা মতিউর রহমান ইমনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।